ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে প্রথমবারের মতো ঢাকায় এসে এক অন্যরকম অনুভূতি প্রকাশ করলেন হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল সোমবার সকালে সোনারগাঁও হোটেলের বলরুমে এক সেমিনারে তিনি বক্তব্য রাখেন। বক্তব্যে ঢাকায় আসার অনুভূতি প্রকাশ করেন এভাবে—‘ঢাকায় আসতে পারা আমার জন্য খুবই আনন্দের। কারণ ঢাকা আমার কাছে নিজের শহরের মতোই। ঢাকা ও বাংলাদেশের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি হাইকমিশনার হিসেবে এখানে কাজ করেছি এবং আমার কর্মজীবনের অন্যতম সন্তোষদায়ক পোস্টিং ছিল এটি। এখানে আসার আগেও ভারত-বাংলাদেশ সম্পর্ক বিষয়ে কাজ করার সময়ে অনেকবার আমি এই সুন্দর দেশে এসেছিলাম। সুতরাং পররাষ্ট্র সচিব হিসেবে প্রথম বিদেশ সফরে ঢাকা আসতে পেরে আমি আনন্দিত’।
উল্লেখ্য, হর্ষবর্ধন শ্রিংলা ২০১৫ সাল থেকে প্রায় চার বছর ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন। এর আগে তিনি ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বাংলাদেশ বিষয়ে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের শুরুতে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান ভারতের রাষ্ট্রদূত হিসেবে। এ বছর জানুয়ারির শেষ সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
