গতকাল সোমবার লালমনিরহাটের মিলিটারি ফার্মে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বর্তমান সরকারের ভিশন ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান হেলিকপ্টারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্তমানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। এই প্রশিক্ষণ সুবিধা অর্জনের জন্য আর্মি এভিয়েশন স্কুলটি ঢাকা থেকে লালমনিরহাটে স্থানান্তর করে নতুন ও আধুনিক অবকাঠামো তৈরি করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সকল বৈমানিক, প্রকৌশলী এবং বিমানক্রু এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। তিনি বলেন, আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে বিমান সহায়তা প্রদান করে আসছে। বিগত ২০১২ সালে আর্মি এভিয়েশন গ্রুপের অঙ্গ সংগঠন হিসেবে আর্মি এভিয়েশন স্কুল ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল।
সেনাবাহিনী প্রধানের আগে লালমনিরহাটে আর্মি এভিয়েশন বেসের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি এভিয়েশন স্কুলের নতুন অবকাঠামো উদ্বোধন এবং অফিসার্স মেস, এসএম ব্যারাক ও লালমনিরহাট মিলিটারি ফার্মের জন্য একটি আধুনিক ও স্বয়ংক্রিয় মিল্কিং পার্লারের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন। এ সময় সেনা সদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, গণপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
