এনামুল-রুপন ছয় দিনের রিমান্ডে

আপডেট : ০২ মার্চ ২০২০, ২৩:৩১

রাজধানীর ওয়ারী থানা এলাকার বাসায় সোনা ও বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ও রুপন ভূঁইয়াকে ছয় দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ডের এ আদেশ দেন। 

এর আগে ওয়ারী থানা পুলিশ দুই ভাইকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের বাসা থেকে জব্দ করা সোনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছেন কিনা জানার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এ সময় আসামিদের আইনজীবী আবদুল্লাহ আল মনসুর রিপন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের ছয় দিন করে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের অনুমতি দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে এনামুল হক ভূঁইয়ার বাসায় তল্ল­াশি চালিয়ে ২৬ কোটি টাকাসহ বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা এবং সাড়ে ১২ কেজি সোনা জব্দ করে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র?্যাব)। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এনামুল হক ভূঁইয়ার ও রুপন ভুঁইয়ার বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় একটি মামলা হয়।

মামলায় অভিযোগ করা হয়, এনামুল ও রুপন মতিঝিলের বিভিন্ন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থেকে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে আসছিলেন। ঐ অবৈধ টাকার একাংশ দিয়ে আসামিরা বিভিন্ন সময়ে সোনা কিনে তাদের বাসায় জমা রাখেন। ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালিত হলে এই অপকর্ম আড়াল করার জন্য টাকা ব্যাংকে না রেখে বাসার লোহার গোপন লকারে রেখেছিলেন।

এর আগে গত বছরের ২৪ সেপ্টেম্বর এনামুল ও রুপনের বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র?্যাব। সেখান থেকে ৫ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। ঐ ঘটনায় সুত্রাপুর ও গেন্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়।