১২ ঘণ্টার মধ্যে চুরি হওয়া শিশু উদ্ধার

আপডেট : ০২ মার্চ ২০২০, ২৩:৩৩

ঢাকার সাভার থেকে চুরি হওয়া সাত মাসের শিশুটিকে প্রায় ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে র্যাব। গতকাল ফরিদপুরের সালথা থানার বড়ো খায়েরদিয়ায় অভিযান চালিয়ে শিশু ফাহিমকে উদ্ধার করা হয়। শিশু চুরির অভিযোগে জেসমিন ও জাহিদ শেখ নামে দুই জনকে গ্রেফতার করা হয়।

র্যাব-৪ এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, শিশুটির মা শারমিন আক্তার স্কয়ার হাসপাতালে সহকারী নার্স হিসেবে কর্মরত। স্বামী-সন্তান নিয়ে তিনি সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি পশ্চিম পাড়ায় থাকেন। ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিশু ফাহিমকে তার নানি পারুল বেগমের কাছে রেখে রাত্রিকালীন ডিউটিতে যান শারমিন। পারুল যখন রান্নার কাজে ব্যস্ত, সে সুযোগে জেসমিন শিশুটিকে ছাদে নেওয়ার কথা বলে তাকে নিয়ে ফরিদপুরে চলে যায়।

এ ঘটনায় শারমিন র্যাব-৪ এ অভিযোগ দেন। ঐ অভিযোগের ভিত্তিতে শিশু ফাহিমকে উদ্ধারে অভিযান শুরু করে র্যাব। আসে সফলতা। গ্রেফতার করা হয় জেসমিন ও জাহিদকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ফাহিমকে এবং শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। শিশুটিকে বিক্রি করার উদ্দেশে চুরি করেছিল বলে আসামিরা স্বীকার করেছে। এ ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে।