আইটি খাতকে ব্যবহার করে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে ---------------সালমান এফ রহমান

আপডেট : ০২ মার্চ ২০২০, ২৩:৩৩

মুজিব শতবর্ষ ও ‘এক্সপ্লোর দ্য নেক্সট’ স্লোগান সামনে রেখে বিসিএস কম্পিউটার সিটির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মেঘা আইটি পণ্য মেলা (সিটি আইটি ফেয়ার)। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘আইটি খাতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিসিএস কম্পিউটার সিটি। আমি এই মেলার সামগ্রিক সাফল্য কামনা করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম জিয়াউল আলম পিএএ, সিনিয়র সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিদ-উল-মুনীর, সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি।

মুজিব শতবর্ষ সামনে রেখে শুরু হওয়া ঐতিহ্যবাহী এ মেলা উপলক্ষ্যে মেলা কর্তৃপক্ষ এবং দেশি-বিদেশি নামি-দামি ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় মূল্য ছাড় ও নানা রকম অফার। প্রতিদিন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য থাকছে প্রযুক্তিপণ্য উপহার, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ভাগ্যবান দর্শনার্থীরা পেয়ে যেতে পারেন স্মার্ট টিভি, গেমিং কি-বোর্ড, গেমিং মাউস, পাওয়ার ব্যাংকসহ নানা ধরনের চমকপ্রদ উপহার। সেলফি প্রতিযোগিতার মাধ্যমে দেওয়া হবে প্রতিদিন একটি করে ল্যাপটপ।