কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৪ টার দিকে কক্সবাজার-টট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া ইউনিয়নের লতামাঝির পাড়া এলাকার ইসহাক মিয়ার ছেলে শামসুল ইসলাম (৫০) ও একই ইউনিয়নের সদরপাড়া এলাকার আশরাফ মিয়ার ছেলে মোহাম্মদ ওসমান (৪২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে সাতকানিয়া থেকে চকরিয়া উপজেলা সদরে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী ওই দুইব্যক্তি। এ সময় হারবাং স্টেশনের অদূরে বাবর চেয়ারম্যানের বাগানের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেলটি আরোহী নিহত হন। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।
আরো পড়ুন: বঙ্গবন্ধুর চরিত্রে শুভ, শেখ হাসিনা হবেন ফারিয়া
চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।
ইত্তেফাক/এএএম
