১০ হাজার কোটি টাকা তহবিল চায় আর্থিক প্রতিষ্ঠানগুলো

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২১:২২

ইত্তেফাক রিপোর্ট

নানা অব্যবস্থাপনায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) বিপাকে রয়েছে। খারাপ অবস্থার কারণে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অবসায়ন করা হয়েছে। একই অবস্থার দিকে এগুচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এমন পরিপ্রেক্ষিতে এসব এনবিএফআইগুলোকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে এ খাতের তারল্যসংকট কাটাতে বিশেষ পুনঃ অর্থায়ন তহবিল গঠনের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসি) চেয়ারম্যান ও আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম বলেন, ৩৪টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ছয়টির মতো প্রতিষ্ঠান খারাপ অবস্থায় রয়েছে; কিন্তু প্রতিষ্ঠানগুলোর কারণে পুরো সেক্টরে নেতিবাচক প্রভাব পড়েছে। তাই সংকটে থাকা এসব আর্থিক প্রতিষ্ঠান পুনঃ সংস্কার করা হবে। এটি কীভাবে করা যায়—এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে নীতিনির্ধারণ-বিষয়ক একটি প্রতিবেদন দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকও কাজ করছে বলে তিনি জানান।

মমিনুল ইসলাম আরো বলেন, পিপলস লিজিং ঘটনায় এই খাতে আমানতকারীদের একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। এটি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল আমরা চেয়েছি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে কোন কাঠামোতে এ ধরনের তহবিল করা যায় তা পর্যালোচনা করে সিদ্ধান্ত      নেওয়া হবে।