ইত্তেফাক রিপোর্ট
১০ ক্যাটাগরিতে ৩১ প্রতিষ্ঠানকে বাত্সরিক সর্বোত্তম প্রতিবেদন-২০১৭’র জন্য পুরস্কৃত করল দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. আসাদুল ইসলাম, আর্থিক প্রতিবেদন কাউন্সিল এর চেয়ারম্যান সি কিউ কে মুস্তাক আহমেদ।
যাদেরকে পুরস্কৃত করা হয়েছে: ব্যাংকিং খাত (প্রাইভেট) ব্যাংক এশিয়া প্রথম, ব্র্যাক ব্যাংক দ্বিতীয় ও ডাচ-বাংলা ব্যাংক তৃতীয় পুরস্কার লাভ করে। ফাইনান্সিয়াল সার্ভিসেস ক্যাটাগরিতে আইডিএলসি ফাইনান্স লিমিটেড প্রথম, লংকাবাংলা ফাইনান্স লিমিটেড দ্বিতীয় ও আইপিডিসি ফাইনান্স লিমিটেড তৃতীয় পুরস্কার লাভ করে।
ম্যানুফ্যাকচারিং-এ প্রথম পুরস্কার লাভ করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দ্বিতীয় হয়েছে গ্লাস্কোস্মিথ কেলাইন বাংলাদেশ লিমিটেড এবং ওরিয়ন ফার্মা লিমিটেড ও প্রিমিয়ার সিমেন্ট যৌথভাবে তৃতীয় পুরস্কার লাভ করে।
ইনস্যুরেন্স-এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করে যথাক্রমে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড। এনজিও খাতে প্রথম পুরস্কার লাভ করে ব্র্যাক এবং যৌথভাবে দ্বিতীয় পুরস্কার লাভ করে সাজিদা ফাউন্ডেশন ও উদ্দীপন। তৃতীয় পুরস্কার লাভ করে ব্যুরো বাংলাদেশ।
যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিতে প্রথম হয়েছে গ্রামীণফোন লিমিটেড। পাবলিক সেক্টর এনটিটিজ খাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করে যথাক্রমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। কৃষিতে প্রথম হয়েছে গোল্ডেন হারভেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কর্পোরেট সুশাসন খাতে প্রথম ও দ্বিতীয় পুরস্কার লাভ করে যথাক্রমে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও লংকাবাংলা ফাইনান্স। যৌথভাবে তৃতীয় পুরস্কার লাভ করে ব্রিটিশ আমেরিকার টোবাকো বাংলাদেশ ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সমন্বিত প্রতিবেদন খাতে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড প্রথম, ব্র্যাক ব্যাংক দ্বিতীয় এবং ব্যাংক এশিয়া ও ইসলামী ব্যাংক যৌথভাবে তৃতীয় পুরস্কার লাভ করে।
সাবেক অর্থসচিব এম মতিউল ইসলামকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড এর মাধ্যমে আইসিএবি পুরস্কার প্রাপ্তদের তালিকা যাচাই- বাছাই করে বিজয়ীদের নাম ঘোষণা করে। জুরি বোর্ড এর অন্য সদস্যরা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর ওয়াহিউদ্দীন মাহমুদ, রোকেয়া আফজাল রহমান, রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেস এর ভারপ্রাপ্ত সম্পাদক শহিদুজ্জামান খান, সাবেক কম্পট্রোলার অব অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম ও সেন্টার ফর পলিসি ডায়ালগ এর সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
