বিশ্ব বাণিজ্যের টুকিটাকি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:২২

ব্যবসায়ে বিনিয়োগ কমছে যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে বিনিয়োগ পরিস্থিতি ২০০৮-০৯ সালের পর বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে। গেল জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ ১ দশমিক ১ শতাংশ কমেছে। সরকারি ও বেসরকারি দুভাবেই বিনিয়োগ হয়ে থাকে। বিবিসির সংবাদ অনুযায়ী, গেল নভেম্বর পর্যন্ত হিসাবে যুক্তরাজ্যের সরকারি ঋণও কমেছে। যুক্তরাজ্যে বৃহত্ বিনিয়োগের খাতগুলোর মধ্যে পরিবহন, কারিগরি এবং নির্মাণ শিল্প অন্যতম। জাগুয়ার ল্যান্ড রোভার, নিশান, এয়ারবাস এবং বিএমডব্লিউর মতো প্রতিষ্ঠান সতর্ক করেছিল ব্রেক্সিটকে কেন্দ্র করে বিনিয়োগে বিরূপ প্রভাব পড়তে পারে। এদিকে ব্যাংক অব ইংল্যান্ড দেশটির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে। ব্যবসায়ে বিনিয়োগ গত তিন প্রান্তিক ধরেই কমছে।

সিঙ্গাপুরে মূল্যস্ফীতি কমে ১ দশমিক ৭ শতাংশ

গেল নভেম্বর মাসে সিঙ্গাপুরে মূল্যস্ফীতির হার কমে ১ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। এক মাস আগে এই হার ছিল ১ দশমিক ৯ শতাংশ। বার্তা সংস্থা সিনহুয়ার সংবাদ অনুযায়ী, সড়কপথে পরিবহন খরচ কমে আসায় মূল্যস্ফীতির হার কমে এসেছে। সিঙ্গাপুরের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারি খাতে পরিবহন খরচ কমে আসায় পণ্যের দাম কমতে সাহায্য করেছে। আগামী মাসগুলোয় মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাবে। পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ২০১৮ সালে মূল্যস্ফীতির হার দেড় শতাংশ থেকে ২ শতাংশের মধ্যে থাকবে এবং ২০১৯ সালে মূল্যস্ফীতি আড়াই শতাংশ পর্যন্ত হতে পারে।

ফেব্রুয়ারির পর চাঙ্গা হবে মালয়েশিয়ার অর্থনীতি

মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল প্রান্তিকে দেশটির অর্থনীতিতে গতি সঞ্চার হবে। দেশটিতে লৌহ ও ধাতব পদার্থের আমদানি বৃদ্ধি পাওয়ায় গত অক্টোবরে অর্থনীতিতে ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। অর্থনীতির নেতৃস্থানীয় সূচকগুলো ঋণাত্মক থাকার পর গেল অক্টোবর থেকে ধনাত্মক দিকে যাচ্ছে যার প্রভাব আগামী প্রান্তিকের হিসাবে উঠে আসবে। মূলত দুটি সূচকের বড় অবদান অর্থনীতিকে চাঙ্গা করবে। এর একটি হলো খুচরা পর্যায়ে বিক্রয় বৃদ্ধি এবং সরকারি পেনশন ব্যবস্থা। সিনহুয়ার সংবাদ অনুযায়ী অক্টোবরে খুচরা পর্যায়ে বিক্রয়ের পরিমাণ শূন্য দশমিক ৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া সরকারি ভাবে পেনশনের আওতা, প্রভিডেন্ট ফান্ডের পরিমাণ বৃদ্ধির প্রভাবও সামনের দিনগুলোতে পড়বে।