করোনা-ভীতিতে করমর্দনে ‘না’

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২১:৪৯

চলতি মার্চেই শ্রীলঙ্কা সফরে আসবে ইংল্যান্ড দল। খেলবে দুই টেস্ট। আর এই সিরিজকে সামনে রেখে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার ঘোষণা দিয়েছেন অধিনায়ক জো রুট। না, মজা করে নয়। খুব ‘সিরিয়াস’ হয়েই কথাটা বলেছেন রুট। কারণ আর কিছুই না, করোনা ভাইরাস। এশিয়া মহাদেশেই এই ভাইরাস ছড়িয়েছে বেশি। সে কারণেই এমন বিচিত্র সাবধানতা অবলম্বন করবে ইংলিশরা। মার্চের ১৯ তারিখ গলে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ মার্চ শুরু হবে দ্বিতীয় টেস্ট। ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম। এর আগে একটি দুই দিনের ও একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরেই ইংল্যান্ডের কয়েক জন ক্রিকেটার ফ্লুজনিত অসুস্থতায় ভুগেছেন। এই অবস্থায় সাবধানতার বিকল্প দেখছেন না জো রুট।