ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের দলবদল
স্পোর্টস রিপোর্টার
মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের মূল অংশ থেকে কিছুটা বিচ্ছিন্নই বলা যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) অফিসটা। এক প্রান্তে পড়ে থাকা অফিসটা সারা বছরই প্রায় সুনসান নীরবতায় আচ্ছন্ন থাকে। গতকাল দিনভর অবশ্য বেশ গমগমে পরিবেশ বিরাজ করল সিসিডিএম কার্যালয়ে। কর্মকর্তাদের ব্যস্ত সময় কেটেছে। ক্রিকেটার, গণমাধ্যমকর্মীদের পদচারণায় মুখর ছিল সিসিডিএম।
যার উপলক্ষ্য ছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই লিগের ২০১৯-২০২০ মৌসুমের জন্য ক্রিকেটারদের দলবদল শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে আটটি ক্লাবের হয়ে ৫৪ ক্রিকেটার দলবদল করেছেন। এই কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত।
দলবদলের প্রথম দিনের আকর্ষণ ছিল ক্লাব ক্রিকেটের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সকালে আবাহনী ক্লাবে নাম লেখান ৬ ক্রিকেটার। যুব বিশ্বকাপ জয়ী তানজিম হাসান সাকিব, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মেহেদী হাসান রানা যোগ দিয়েছেন আবাহনীতে। দিনের শেষ ঘণ্টায় দল বদলে অংশ নেয় মোহামেডান। ১০ ক্রিকেটার সাদা কালো শিবিরে নাম লেখান। তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, শুভাগত হোম, শামসুর রহমান শুভরা খেলবেন মোহামেডানের হয়ে।
প্রথম বিভাগ থেকে পঞ্চমবার প্রিমিয়ার লিগে উঠে এসেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এবার অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল গড়া হয়েছে বলে জানান ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। প্রিমিয়ার লিগে টিকে থাকার আশায় গতকাল ১২ ক্রিকেটারকে দলে টেনেছে পারটেক্স। প্রথম বিভাগ পেরিয়ে আসা আরেক ক্লাব ওল্ডডিওএইচএস নিবন্ধন করিয়েছে একজন ক্রিকেটার।
এছাড়া গতকাল প্রাইম ব্যাংক ৯ জন, খেলাঘর সমাজকল্যাণ সমিতি সাত জন, প্রাইম দোলেশ্বর পাঁচ জন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। জাতীয় দলের ক্রিকেটাররা আগামীকাল সিলেটে দলবদলের প্রক্রিয়ায় অংশ নিবেন।
মোহাম্মদ আশরাফুল এবার খেলবেন শেখ জামালের হয়ে। যেখানে সতীর্থ হিসেবে পাবেন মাশরাফি বিন মুর্তজাকেও। সতীর্থ হিসেবে বন্ধু মাশরাফিকে পেয়ে খুশি আশরাফুল। ২০ বছরের ক্যারিয়ারে প্রথমবার তারা একই ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন।
প্রিমিয়ার লিগ শুরু হবে আগামী ১৫ মার্চ। মানসম্পন্ন উইকেট পাওয়া যাবে না বলে লিগের শুরুটা হবে ঢাকার বাইরে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে অনুষ্ঠিত হবে লিগের তিন রাউন্ড। যা শেষ হবে ২৪ মার্চ। চতুর্থ রাউন্ড থেকে মিরপুর, বিকেএসপিতে অনুষ্ঠিত হবে লিগের ম্যাচ।
সিসিডিএমের প্রশাসক মহিউদ্দিন রাসেল গতকাল জানিয়েছেন, চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য ক্লাবগুলোকে বিমান টিকিট ও মানসম্পন্ন আবাসনের খরচ দেওয়া হচ্ছে। প্রথম রাউন্ডে কক্সবাজারে আবাহনী-পারটেক্স ও লিন্ডেজস অব রূপগঞ্জ-ওল্ডডিওএইচএস, চট্টগ্রামের সাগরিকায় প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।
