তিরিপানোর বলে ৪ মেরে তিনি নিজে কোনো উল্লাস করলেন না। দেখেন বোঝারও উপায় রইলো না যে, নতুন এক অর্জন হয়েছে তামিমের। হ্যাঁ, এই চার মেরেই দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান স্পর্শ করলেন তামিম ইকবাল।
অনেকদিন ধরে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না তামিম ইকবাল। ২৩ ইনিংস পর গতকাল সেঞ্চুরি করলেন। তার চেয়ে বড় কথা, দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে নতুন এক উচ্চতায় উঠে গেলেন—সাত হাজার রান পার করে ফেললেন তামিম। দেশের হয়ে দ্রুততম সময়ে ১ ও ২ হাজার রান করার রেকর্ড শাহরিয়ার নাফীসের। দ্রুততম ৩ হাজার রান করেছিলেন এই তামিম। এরপর প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫, ৬ ও ৭ হাজার রান স্পর্শ করলেন। ৭ হাজার রান করতে তামিম ২০৪ ইনিংস খরচ করলেন। ১ হাজার রান করেছিলেন ৩৭ ইনিংস ব্যাট করে। দ্বিতীয় ১ হাজার করেন ৩৩ ইনিংস খেলে। ২ থেকে ৩ হাজারে পৌঁছান ৩২ ইনিংস খেলে। ৩ থেকে চার হাজার ৩৫ ইনিংসে পৌঁছেছেন। ৪ থেকে ৫ হাজারে গেছেন ২১ ইনিংস খেলেই। আর ৫ থেকে ৬ হাজারে গেছেন মাত্র ১৭ ইনিংসে। আর ২৯ ইনিংস ব্যয় করেছেন ৬ থেকে ৭ হাজারে পৌঁছাতে।
