সাইক্লিং ফেডারেশন থেকে সভাপতির পদত্যাগ

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২১:৫১

স্পোর্টস রিপোর্টার

সাইক্লিং ফেডারেশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সভাপতি শফিউল্লা আল মুনির। গতকাল তিনি নিজে সচিবালয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। কারণ দেখিয়েছেন তার শারীরিক অসুস্থতা। পদত্যাগপত্র জমা দিয়ে মুনির বললেন, ‘আমি শারীরিকভাবে কাজ করতে পারছিলাম না। ১০ দিন হাসপাতালে ভর্তি ছিলাম। নিজের ব্যবসায়িক ব্যস্ততা রয়েছে।’ বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোতলায় সাইক্লিং ফেডারেশনটা সারা বছর অন্ধকারে পড়ে থাকত। কর্মকাণ্ডে চাঞ্চল্য ছিল না। আন্তর্জাতিক সাইক্লিং ফেডারেশনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব শূন্যের কোটায় নেমে গিয়েছিল। সভাপতির দায়িত্ব নিয়ে মুনির ফেডারেশনের কর্মকাণ্ডে প্রাণচাঞ্চল্য আনলেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক সাইক্লিংয়ের আয়োজন করলেন এবং আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করে নতুন সাইকেল আনার উদ্যোগও নিয়েছিলেন। করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক সাইক্লিং স্থগিত হয়ে যায়।