পলো বাওয়া উত্সবে মাতল বিশ্বনাথবাসী

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:০২

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

বিশ্বনাথে মঙ্গলবার মাদাই খাল সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ‘মাদাই বিলে’ বার্ষিক পলো বাওয়া উত্সব পালিত হয়। উত্সবে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের কয়েক হাজার শিকারি অংশগ্রহণ করেন। সকাল ১০টায় একসঙ্গে পলো, জাল নিয়ে ঝাঁপ দিয়ে পড়েন বিলে। পলো দিয়ে বোয়াল, রুই, কাতলা, মাগুরা, গনিয়া, মৃগেল, শৈলসহ বিভিন্ন জাতের মাছ শিকার করেন শিকারিরা। মাছ শিকারি আফিকুল ইসলাম, কবির মিয়া ও শামীম আহমদ বলেন, বার্ষিক পলো বাওয়া উত্সবে শুধু মাছ শিকার নয় দেখা হয় একে অন্যের সঙ্গে। এ যেন এক মিলনমেলা। মাদাই খাল সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন, প্রতি বছর সমিতির মাধ্যমে আমরা পলো বাওয়া উত্সবের আয়োজন করি।