মোহনপুরে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী গ্রেফতার

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:০৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর মোহনপুরে মঙ্গলবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শিরিনা বেগম (৩০)। এ ঘটনায় নিহতের স্বামী ট্রাক চালক মামুন রশীদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে শিরিনার ভাই বাদী হয়ে তার স্বামী ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার বাদী হাসেন আলী বলেন, পারিবারিক কলহের জেরে শিরিনাকে মামুন প্রায়ই নির্যাতন করত। এছাড়া সে পরকীয়ায় আসক্ত ছিল। এসব নিয়ে সোমবার মধ্যরাতে ঝগড়ার এক পর্যায়ে মামুন স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, নিহতের স্বামীকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। শাশুড়িকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।