সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:০৫

 

ভাঙ্গুড়ায় বইমেলা ও সাংস্কৃতিক উত্সব উদ্বোধন

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার আট দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উত্সব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ প্রমুখ।

কেজুরিছড়া চা-বাগানে শ্রমিক ধর্মঘট

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা চা-শ্রমিক সন্তানদের কর্মসংস্থানসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের কেজুরিছড়া চা-বাগানে শ্রমিকরা ধর্মঘট করেছেন। ভোর থেকে শ্রমিকরা সেকশন ছেড়ে বাগানের ফ্যাক্টরির সামনে এসে দলবদ্ধ হয়ে এই ধর্মঘট শুরু করেন। পরে ডিনস্টন ভিভিশনের ডিজিএম হুমায়ুন কবীর মজুমদার আগামী শনিবার বিকালে পুলিশ প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হবে বলে আশ্বাস দিলে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

আখাউড়ায় বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আখাউড়া উপজেলার তুলাই শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকাল ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘে’র আয়োজনে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধ সভা এবং তা প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেছে তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী। সকালে অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) রসুল আহমেদ নিজামী।

মাদক ও বাল্যবিবাহ মুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি মাদক ও বাল্যবিবাহমুক্ত আটোয়ারী উপজেলা গঠনের লক্ষ্যে মঙ্গলবার  মতবিনিময় সভা আটোয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আটোয়ারী উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সভায় প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা।

শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উচ্চ মাধ্যমিক স্তরে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সন্ধ্যায় গাইবান্ধা শিল্পকলা একাডেমিতে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাত উপজেলার সাত কলেজের মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ দলীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করে।

বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বাছাই কাজে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান প্রমুখ।

উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর জেলা পুলিশের আয়োজনে জেলার সকল উপজেলা জনপ্রতিনিধিদের নিয়ে এ সেমিনার হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

শিশু অধিকার আইন সনদের প্রতিফলন বিষয়ক কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক শিশু অধিকার আইন সনদের প্রতিফলন বিষয়ক কর্মশালা মঙ্গলবার নেত্রকোনা সার্কিট হাউজ হলরুমে অনুষ্ঠিত হয়। ইউনিসেফের উদ্যোগে এবং জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় ভিডিও চিত্রের মাধ্যমে মূল বিষয়বস্ত উপস্থাপন করেন ইউনিসেফের ঢাকা বিভাগীয় প্রোগ্রাম অফিসার নওশিন জাহান। আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. নীলোত্পল তালুকদার প্রমুখ।

দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৪২টি শিক্ষার্থী প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।