সহজ-সরল জীবনযাপনের আহ্বান পোপ ফ্রান্সিসের

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:২৫

বিবিসি

সহজ-সরল ও কম বৈষয়িক জীবনযাপনের জন্য উন্নত বিশ্বের মানুষদের প্র্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্র্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বড়দিনের আগে সোমবার ভ্যাটিকানে সেন্ট পিটার্স বাসিলিসা গির্জায় ঐতিহ্যবাহী ক্রিসমাস ইভ সমাবেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান পোপ। এছাড়া বিশ্বজুড়ে ধনী-গরিবের মধ্যকার বিশাল বৈষম্যেরও সমালোচনা করেন তিনি।

যিশু খ্রিস্ট দরিদ্র অবস্থায় একটি আস্তাবলে জন্মেছিলেন স্মরণ করিয়ে দিয়ে এ থেকে ‘জাগতিক সম্পদের প্রতি লোভীদের’ শিক্ষা নেয়ার পরামর্শ দেন পোপ। তিনি ভাষণে বলেন, ‘আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, জীবনের জন্য এতো সব বস্তুগত জিনিসপত্রের কি সত্যিই খুব দরকার? এসব অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে কি আমরা চলতে পারি না? খুব সাদাসিধে জীবন-যাপন করতে পারি না?’ পোপ আরো বলেন, ‘বর্তমানে বহু লোকের কাছে জীবনের মানেই হলো অধিকার করা, অতিরিক্ত জিনিস অর্জন করা। গোটা মানব জাতির ইতিহাসই লোভে পরিপূর্ণ। আজ যখন কিছু লোক প্রাচুর্যের মধ্যে জীবনযাপন করে, তখন অনেক মানুষ বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবারটুকুও পায় না।’