সিএএর বিরুদ্ধে ভারতীয় সুপ্রিম কোর্টে জাতিসংঘ

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০০:১৭

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে জাতিসংঘ। তবে ভারত কড়া বার্তা দিয়ে বলেছে, এটা দেশের অভ্যন্তরীণ বিষয়। এদিকে দিল্লির সহিংসতা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করায় ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে দিল্লি। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার

গতকাল জাতিসংঘের মানবাধিকার পরিষদ আদালতে আবেদন করে জানিয়েছে, সিএএর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যেসব মামলা চলছে তাতে তৃতীয় পক্ষের ভূমিকায় অবতীর্ণ হতে চায় পরিষদ। এর পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংশোধিত নাগরিকত্ব আইন দেশের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের পার্লামেন্টের আইন প্রণয়নের সার্বভৌম অধিকার রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো বিদেশি সংগঠনের ভারতের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার নেই। মন্ত্রণালয় আরো জানায়, আমরা পরিষ্কার করে দিয়েছি সিএএ সাংবিধানিকভাবে বৈধ এবং সাংবিধানিক মূল্যবোধগুলোর সমস্ত প্রয়োজনীয়তাগুলোর অনুবর্তী। এদিকে দিল্লিতে পিস্তল হাতে পুলিশের দিকে তেড়ে আসা সেই যুবক মোহাম্মদ শাহরুখকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই গা ঢাকা দেওয়ায় শাহরুখকে উত্তরপ্রদেশের বরেলী থেকে গ্রেফতার করা হয়।

গত বছরের ডিসেম্বরে পার্লামেন্টে সিএএ পাশ হওয়ার পর থেকে এর বিরোধিতায় মুখর তৃণমূল ও কংগ্রেসসহ বিভিন্ন বাম দল। জানুয়ারিতেও সিএএর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ১৪৩টি আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। আবেদনকারীর মধ্যে কংগ্রেস, ডিএমকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগসহ বিভিন্ন বাম দল আছে। সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে মোদি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছে ঐ দলগুলো। যদিও বিরোধীদের এই অভিযোগ বরাবরই খারিজ করেছে নরেন্দ্র মোদির সরকার।

ইরানের রাষ্ট্রদূতকে তলব

দিল্লির সহিংসতা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ভারতে কান্ডজ্ঞানহীন সহিংসতা চলতে দেওয়া উচিত নয়। তিনি টুইটার বার্তায় ভারতে মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতার নিন্দা জানান। এরপর ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করে জানিয়ে দেওয়া হয়, পররাষ্ট্রমন্ত্রী জারিফ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন।