দুই সচিবের বৈঠকে গ্রামীণফোন নিয়ে আলোচনা

সবার জন্য মঙ্গলজনক সমাধান চায় নরওয়ে

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০০:১৮

গ্রামীণফোনের চলমান সংকটের বিষয়ে সবার জন্য মঙ্গলজনক সমাধান চায় নরওয়ে। বাংলাদেশ সফররত নরওয়ের পররাষ্ট্র সচিব টোরে হেটারসের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে গ্রামীণফোন নিয়ে আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্র সচিবের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা কিছু উদ্বেগের কথা জানিয়েছি। বিষয়টি এখন কোর্টে আছে; কিন্তু সবার জন্য ভালো—এমন সমাধান হলেই ভালো হবে। আমরা গ্রামীণফোনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন, ইতিমধ্যে কোর্টের নির্দেশে তারা ১ হাজার কোটি টাকা জমা দিয়েছে। আগামী তিন মাসের মধ্যে আরো ১ হাজার কোটি টাকা জমা দেবে। এরপরে কী হবে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। তারা আমাদের কাছে আদালতের রায়ের পূর্ণ কপি চেয়েছেন। আমরা এজন্য অ্যাটর্নি জেনারেল অফিসে যোগাযোগ করব। টেলিনর কোম্পানিতে নরওয়েজিয়ান সরকারের শেয়ার আছে। তারা বলেছে, সবার জন্য মঙ্গল হয়—এমন একটি সমাধান করলে নরওয়ে থেকে আরো বেশি বিনিয়োগ আসবে।’

রোহিঙ্গা ইস্যুর প্রসঙ্গে মাসুদ বিন মোমেন বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে নরওয়ে। তারা আমাদের জানিয়েছে, নির্বাচিত হলে রোহিঙ্গা সমস্যা সমাধানে তারা আমাদের সহযোগিতা করবে।’