নারী দিবসের নাটকে

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৯:২৫

টিভি নাটকে অভিনয়ের ক্ষেত্রে নূসরাত ইমরোজ তিশা সবসময়ই ভালো গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্রকে প্রাধান্য দিয়ে এসেছেন। স্ক্রিপ্ট পছন্দ হলেই কেবল তিনি অভিনয়ের জন্য সম্মতি দিয়ে থাকেন। তিশার ঠিক তেমনি স্ক্রিপ্ট পছন্দ হওয়া কাজ ‘ছেলেরা এমনই হয়’। এ বছরের নারী দিবসের জন্য বিশেষভাবে নির্মিত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। সম্প্রতি রাজধানীর উত্তরা ও তার পাশ্ববর্তী এলাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকে তিশা অভিনয় করেছেন তিথি চরিত্রে এবং তিশার বিপরীতে শামীম হাসান সরকার অভিনয় করেছেন সৌরভ চরিত্রে।

কিছুটা কমেডি ঘরানার এই নাটকটি নিয়ে নির্মাতা ইমরাউল রাফাত খুবই আশাবাদী। কারণ নাটকটির শেষপ্রান্তে দর্শকের জন্য একটি বার্তাও থাকছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নূসরাত ইমরোজ তিশা বলেন, ‘সত্যি বলতে কি স্ক্রিপ্ট ভালো লাগলেই কিন্তু আমি নাটকে কিংবা টেলিফিল্মে অভিনয় করি। সেই ক্ষেত্রে ‘ছেলেরা এমনই হয়’ নাটকটির স্ক্রিপ্ট ভালো লেগেছে বলেই কাজটি করেছি। কিন্তু সবমিলিয়ে কাজটি কেমন হলো সেটা আসলে দর্শকই ভালো বলতে পারবেন নাটকটি দেখার পর। কারণ আমরা তো একটি ভালো কাজ করি দর্শকের ভালোলাগার জন্যই। তাছাড়া ইমরাউল রাফাতের নির্দেশনায় এর আগেও অনেক কাজ করেছি। তার কাজের প্রতি আমার আস্থা আছে। এ নাটকে আমার বিপরীতে প্রথমবার শামীম হাসান সরকার অভিনয় করেছেন। যদি তার সঙ্গে দর্শক এই নাটকটি ভালোভাবে গ্রহণ করেন তাহলে হয়ত আগামীতেও আরো ভালো কিছু স্ক্রিপ্টে আমাদের কাজ করা হতেও পারে।’

‘ছেলেরা এমনই হয়’ নাটকটি আগামী ৮ মার্চ নারী দিবসে বাংলাভিশনে প্রচার হবে। এদিকে গত বছরের ৮ ডিসেম্বর নূসরাত ইমরোজ তিশা দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তৌকীর আহমেদের পরিচালিত ‘হালদা’য় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন। এর আগে তিনি অনন্য মামুনের ‘অস্তিত্ব’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।