নাট্যশিক্ষায় নিবেদিতপ্রাণ একদল তরুণের নতুন নাটকের দল ‘থিয়েটার সম্প্রতি আনুষ্ঠানিক উদ্বোধন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে। উদ্বোধনের দিনটিতে স্মরণীয় করে রাখতে ‘থিয়েটার সাইকেল’ আমেরিকান নাট্যকার টেরি রোচির ‘রুটস্ এ—উইংস’ নাটকটি প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করে। নাটকটির নির্দেশনায় ছিলেন মো. আব্দুর রাজ্জাক এবং শংকর কুমার বিশ্বাস। সেইসঙ্গে সমকালীন বিষয় নিয়ে আরো দুটি কনসেপচুয়াল পারফরম্যান্সও উপস্থাপন করা হয়। সবশেষে ‘থিয়েটার সাইকেল’র উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ, অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, সহকারী অধ্যাপক শাহমান মৈশান, এশিয়াটিক ৩৬০ গ্রুপ অব কোম্পানিজের ভাইস চেয়ারপারসন সারা জাকের এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবুন নাসরীন আহমেদ ও নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি প্রফেসর ড. প্যাট্রিক গ্যাফনে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, থিয়েটার সাইকেল একটি অলাভজনক আর্টস অর্গানাইজেশন। শুরু থেকেই এটি পারফর্মিং আর্টস নিয়ে সামগ্রিকভাবে কাজ করছে।
