ছোটদের জন্য ‘সিসিমপুর’

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৯:৩৮

ছোটদের কাছে খুব প্রিয় হালুম, ইকরি, টুকটুকি ও শিকু। রয়েল বেঙ্গল টাইগার হালুম ভালোবাসে মাছ খেতে। মাথায় দুই বেণী, হাতে চুড়ি পরা মিশুক মেয়ে টুকটুকি বই পড়তে পছন্দ করে। ছোট্ট বন্ধু ইকরি মিকরি খুবই ভাবুক। আর শিকু হলো খুবই যুক্তিবাদী ও বিজ্ঞানপ্রেমী এক শিয়াল। হালুম, টুকটুকি, ইকরি, শিকু আর তাদের মজার মজার বন্ধুরা সব থাকে সিসিমপুরে।

আনন্দ-ফুর্তি, হাসি-গান আর নানারকম খেলার মজার আয়োজন ‘সিসিমপুর’। শিক্ষা ও বিনোদনধর্মী এ অনুষ্ঠানটি প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে। শিশুতোষ এই অনুষ্ঠানটি ৩ থেকে ৮ বছর বয়স পর্যন্ত শিশুদের বিকাশ, জীবন-দক্ষতার উন্নয়ন ও মৌলিক শিক্ষার চাহিদা পূরণের জন্য তৈরি হয়েছে। যেখানে শিশুদের পাশাপাশি তাদের মা-বাবা এবং শিক্ষকরাও অন্তর্ভুক্ত আছেন। সিসিমপুর অনুষ্ঠানটিতে শিশু ও অভিভাবকদের কাছে ভাষা ও বর্ণ, পরিবেশ, সমতা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যকর অভ্যাস চর্চা, প্রাকৃতিক দুর্যোগ, রাস্তা পারাপার সংক্রান্ত নিরাপত্তা, সামাজিক আচার আচরণ ও মূল্যবোধ, দেশীয় শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্য ইত্যাদি তুলে ধরা হয়েছে। শিশুবিকাশ বিশেষজ্ঞ, গবেষক ও শিশুশিক্ষাক্রম বিশেষজ্ঞদের সমন্বয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় এই অনুষ্ঠানটি।