দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ডাকঘর ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরকম অবস্থাতেই চলছে সমস্ত কার্যক্রম। এদিকে ছাদের পলেস্তারা খসে পড়ছে! ছাদের ভিতরের রড বেরিয়ে গেছে। দেয়ালের পলেস্তারাও খুলে পড়ছে। এসব দেখে সেখানে কর্মরতরা ভীতির মধ্যে রয়েছেন। বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। যেখান থেকে সরকারের লাখ লাখ টাকা আয় হয়, সেখানে প্রয়োজনীয় নজরদারি নেই! জানা যায়, অফিস ভবনের দুরবস্থার বর্ণনা দিয়ে সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকবার চিঠি পাঠিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বিষয়টির প্রতি ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
মেনহাজুল ইসলাম তারেক
পার্বতীপুর, দিনাজপুর
