নান্দাইলে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫১

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইলের হাটশিরা এলাকায় ব্রহ্মপুত্র নদে শ্যালো মেশিন বসিয়ে পাইপ লাগিয়ে অবৈধভাবে প্রকাশ্যে বালু উত্তোলন করছেন স্থানীয় কয়েক জন প্রভাবশালী ব্যক্তি। এর ফলে চাষযোগ্য আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে। সৃষ্টি হচ্ছে বড়ো বড়ো গর্তের।

সরেজমিনে দেখা যায়, মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কে লম্বা পাইপ দিয়ে পার করে দুইটি শ্যালো মেশিনে বালু তোলা হচ্ছে। ব্রহ্মপুত্র নদ থেকে একইভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনকারী আব্দুল আলিম জানান, প্রতি ফুট বালু তিন টাকা এবং ১ হাজার ফুট বালু ৩ হাজার টাকায় বিক্রি করছেন।  স্থানীয় কয়েক জন বাসিন্দা অভিযোগ করেন, যারা প্রকাশ্যে বালু উত্তোলন করে বিক্রি বাণিজ্য করছে তারা প্রভাবশালী। বালু উত্তোলনের ফলে আমাদের চাষযোগ্য আবাদি জমি ভাঙনের মুখে পড়লেও প্রতিবাদ করার সাহস পাচ্ছি না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার বলেন, খবর পেয়ে তাত্ক্ষণিক অভিযানে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।