চালক ও পুলিশসহ আহত তিন
চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মহানগরীর ষোলশহর রেলস্টেশনে চবি শাটল ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মালবাহী ওয়াগনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ওয়াগনের লোকোমাস্টার শেখ আবদুল্লা-হিল-বাকি এবং শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মিজান ও শফিকুল আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চট্টগ্রাম-দোহাজারী ও চট্টগ্রাম-নাজিরহাট লাইনে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রয়োজনীয় মেরামত শেষে চার ঘণ্টা পর লাইন দুইটিতে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম জানান, মালবাহী ওয়াগনটি লাইন পরিবর্তনের সময় এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিভিশনাল ট্রান্সপোর্ট অফিসার ওমর ফারুককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ষোলশহর স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী জানান, ঘটনার পর চট্টগ্রাম থেকে দোহাজারী ও হাটহাজারী লাইনে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে উদ্ধার তত্পরতা চালায়। রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মীরা রেললাইন সংস্কারের কাজ শুরু করেন।
