কপোতাক্ষ নদে ক্রস ড্যাম নির্মাণের দাবি
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা কপোতাক্ষ নদে দ্রুত ক্রস ড্যাম নির্মাণের দাবিতে বুধবার আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালা সদরের ডাকবাংলোর সামনে মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন তালা ইয়ুথ পানি কমিটির সদস্য আফসানা মিমি। তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার প্রমুখ।
কলমাকান্দায় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ বুধবার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাবেক কমিটির আহ্বায়ক প্রবীর কুমার সরকারের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার ও উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার। নবনির্বাচিত কমিটির সভাপতি নবীন চন্দ্র তালুকদার ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে ৩৫ সদস্যের কমিটির শপথবাক্য পাঠ করানো হয়।
দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা চারঘাটে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৬২ মাধ্যমিক স্কুলের বিতার্কিকরা অংশ নেয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা।
রানীশংকৈলে তিন দিনব্যাপী কৃষিমেলা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা রানীশংকৈল উপজেলায় তিন দিনব্যাপী কৃষিমেলা চলছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। মেলায় মুজিববর্ষ পালনের বিশেষ ফলকসহ ১৬টি স্টল স্থান পেয়েছে।
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা শীর্ষক সেমিনার
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ সেমিনার হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
ত্রিশালে জাতীয় নদী কমিটির সভা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে বুধবার জাতীয় নদী কমিটির এক সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, পৌর মেয়র এ. বি. এম আনিছুজ্জামান, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য আলাউদ্দিন প্রমুখ।
পরিবেশ দূষণ রোধে শোভাযাত্রা
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে পরিবেশ দূষণ রোধে সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার মুজিববর্ষ ২০২০ কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির আয়োজনে আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এসময় সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত্ হোসেনসহ জেলা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারকবৃন্দ ও আইনজীবীসহ অন্যরা।
মাদ্রাসা ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন
শেরপুর প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে শেরপুর জেলায় কওমি মাদ্রাসার ছাত্রদের ৯০ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের তুলশীমালা সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে। কম্পিউটার বেসিক, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন-এ তিনটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে ১২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
নাটাবের অ্যাডভোকেসি সভা
টাঙ্গাইল প্রতিনিধি যক্ষ্মা নির্মূলে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে টাঙ্গাইলের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে এডভোকেসি সভা হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি টাঙ্গাইল জেলা শাখা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান। সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ।
যক্ষ্মা নিয়ন্ত্রণে সচেতনতাবিষয়ক মতবিনিময় সভা
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুশীল সমাজ প্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে সভায় মুখ্য আলোচক ছিলেন লালমনিরহাট ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন নাটাব জেলা শাখার সভাপতি গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম।
মুক্তিযোদ্ধা মঞ্চের মানববন্ধন ও সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি জেলার বেগমগঞ্জ উপজেলায় ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন হত্যার বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বুধবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা মঞ্চ কমিটির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা মঞ্চ কমিটির সভাপতি শাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সহ-সভাপতি রোমানা ইসলাম প্রমুখ।
মহেশপুরে পাঁচ ইটভাটাকে জরিমানা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরে বুধবার সকালে পাঁচ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা এবং চিমনি ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মহেশপুর উপজেলায় বিভিন্ন ইটভাটায় ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরফানুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর কামরুজ্জামান সরকার ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী শাহাদত্ হোসেন উপস্থিত ছিলেন। সরকারি আইন অমান্য করে ইটভাটা চালানোর অপরাধে পাঁচ ভাটা মালিককে জরিমানা করা হয়।
০
