শেয়ারবাজারে আবারও বড়ো দরপতন

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

টানা সাত কার্যদিবস দরপতনের পর দুদিন কিছুটা ঊর্ধ্বমুখী থেকে গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে আবারও বড়ো পতন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতনের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৭০ পয়েন্টে এবং ডিএসইর শরিয়াহ্ ১৪ পয়েন্ট কমে ১ হাজার ২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্য সূচকের এই পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। গতকাল লেনদেনে অংশ নেওয়া ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৪৩টির। ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- ভিএফএস থ্রেড ডাইং, সায়হাম টেক্সটাইল, লাফার্জহোলসিম, গ্লাক্সোস্মিথক্লাইন, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ইনফিউশন।

অপর শেয়ারবাজর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২০ কোটি ২২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬১টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।