শেষ ম্যাচে একাদশের বাইরে থাকতে হতে পারে নাজমুল হোসেন শান্তকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাত কেটে গেছে তার। একটা সেলাই প্রয়োজন হয়েছে। আজকের মধ্যে ব্যথা কমে না গেলে আগামী ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে তাকে। জিম্বাবুয়ের ইনিংসের ১৯তম ওভারে চোট পান শান্ত। আল আমিনের বলে তার হাতে ক্যাচ দিয়েছিলেন ওয়েসলি মাধেভিরে। সে ক্যাচ হাতে রাখতে পারেননি বাংলাদেশি তরুণ ব্যাটসম্যান। উলটে তার ডান হাতের আঙুল কেটে যায়। পরে সেখানে সেলাই করতে হয়েছে। বিসিবির মিডিয়া বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে যে, শান্তর আঙুলে একটা সেলাই করতে হয়েছে। কিন্তু তিনি পরের ম্যাচ খেলার মতো সুস্থ আছেন কি না, সে ব্যাপারে কিছু বলা হয়নি। আজ তার অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
