জিতেও টেনশনে বসুন্ধরা কিংস

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫৯

স্পোর্টস রিপোর্টার

সামনে এএফসি কাপ ফুটবলের খেলা। বসুন্ধরা কিংস এএফসি কাপ ফুটবলকে সামনে রেখে দল গঠন করেছিল। এএফসি কাপের খেলা আগামী ১১ মার্চ ঢাকায়। তার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় ব্যস্ত বর্তমান চ্যম্পিয়ন বসুন্ধরা। গতকাল লিগের চার নম্বর ম্যাচ খেলেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। গোল করে গোল হজম করেছিল। প্রথমার্ধ্বেই গোল করে ম্যাচটায় এগিয়ে ছিল বসুন্ধরা। কিন্তু দ্বিতীয়ার্ধ্বে আর কোনো গোল পায়নি তারা। পুরো ৪৫ মিনিট টেনশনে কাটিয়েছেন কোচ কর্মকর্তারা।

শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট পেলেও টেনশনে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। খুব সাবলীলভাবে জেতা হচ্ছে না। গোল করে গোল হজম করেও ফেলছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টেনশনে রয়েছেন কোচ, এভাবে খেলা হলে লিগের লম্বা দৌড়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। কোচ বলছেন তার দলের ইমন বাবু, আতিকুর রহমান ফাহাদ, সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, মতিন মিয়া ইনজুরিতে। আরো একাধিক ফুটবলার জ্বর কাশিতে ভুগছে। পুরো দলটা নিয়ে নামতে পারছে না।

পুলিশের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল দলটি। এরপর ১-০ গোলে উত্তর বারিধারাকে হারায়। ব্রাদার্স ইউনিয়নকে অনেক কষ্ট করে ৩-২ গোলে হারাতে হয়েছে। আর এবার রহমতগঞ্জকে ২-১ গোলে হারালেও বসুন্ধরা যেন স্বস্তি পাচ্ছে না।

কাল রহমতগঞ্জের বিপক্ষে লড়াইয়ে নেমে বসুন্ধরা কিংস তো ম্যাচের শুরুতেই গোল হজম করতে যাচ্ছিল। রহমতগঞ্জের দিদারুলের ডাইভিং হেড বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমান জিকো প্রস্তুত ছিলেন বলে গোল হয়নি। তবে চতুর্থ মিনিটেই গোল করে পালটা জবাব দিয়েছে বসুন্ধরা। অধিনায়ক কলিন্দ্রেস গোল করেন ১-০।

রহমতগঞ্জের উজবেক ফরোয়ার্ড তুরায়েভ আকোবির ৩৮ মিনিটে গোল করে পুরোনো ঢাকার দলটির সম্ভাবনা জাগিয়ে ছিলেন ১-১। বুঝতে পেরে বসুন্ধরা প্রথমার্ধ্বেই এগিয়ে যায় কিরগিজ ফুটবলার বখতিয়ারের গোলে ২-১। কোচ বলছিলেন, ‘রক্ষণভাগে সমস্যা। এগুলো না কাটালে বিপদ হবে।’ চার খেলায় তিন জয়ে ১০ পয়েন্ট বসুন্ধরার। সমান খেলায় কোনো জয় পায়নি রহমতগঞ্জ। ড্র একটি। আগামীকাল শুক্রবার সাড়ে ৬টায় ঢাকায় হবে ব্রাদার্স ও পুলিশের ম্যাচ।     

কুমিল্লায় খেলতে চায় না বসুন্ধরা

এএফসি কাপ ফুটবলে বসুন্ধরা কিংসের ম্যাচ ঢাকায়। তার আগে বসুন্ধরাকে ফিকশ্চার অনুযায়ী ৭ মার্চ কুমিল্লা গিয়ে মোহামেডানের হোম ভেন্যুতে খেলতে হবে। গতকাল রহমতগঞ্জের বিপক্ষে খেলেছে বসুন্ধরা। এই ম্যাচের পর হাতে আছে দুই দিন। মাঠে নামতে হবে মোহামেডানের বিপক্ষে। সেই ম্যাচের ধকল না কাটতেই এএফসি কাপের ম্যাচ। এটা কঠিনই হয়ে যাচ্ছে বসুন্ধরার জন্য।

কোচ অস্কার ব্রুজন তাই দুর্ভাবনায়। এএফসি কাপে ভালো করতে হলে ভালো প্রস্তুতি চান তিনি; কিন্তু লিগের ফিকশ্চার যেভাবে হয়েছে তাতে বসুন্ধরা সেই সুযোগ পাচ্ছে না। মাত্র আট দিনে তিন ম্যাচ খেলতে হবে। ব্রুজন বলছেন এটা ভালো ফুটবলের জন্য বড়ো বাধা। লিগের গুরুত্বপূর্ণ খেলা। এএফসি কাপে আন্তর্জাতিক ম্যাচ।

সবমিলিয়ে তিনি বলেন, ‘বসুন্ধরা যখন খেলবে তখন এটা একটা ক্লাব নয়। দেশের হয়ে খেলা। সেই বিবেচনায় দেখা উচিত। আমার মনে হয় ৭ মার্চের খেলাটা এখন না দেওয়া হলে আমরা এএফসি কাপের ম্যাচটায় আরেকটু ভালো প্রস্তুতি নিতে পারি।’

কুমিল্লা ভেন্যু নিয়ে বসুন্ধরার টেনশন কুমিল্লা ভেন্যুতে খেলে খেলোয়াড়দের ইনজুরি হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক ম্যাচের আগে ইনজুরি হলে ক্ষতি হবে।