চ্যালেঞ্জ নিচ্ছেন বাদল রায়

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:৫৯

সাবেক ফুটবলারদের সংবাদ সম্মেলন

স্পোর্টস রিপোর্টার

তরফদার রুহুল আমিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচন থেকে সরে আসার পরপরই মূলত এ পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায়। এবার আসছে ২০ এপ্রিলের বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় নিজের অটল থাকার ঘোষণা দিলেন সাবেক এই ফুটবলার।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সাবেক ফুটবলারদের আয়োজিত সংবাদ সম্মেলনে  বাদল রায় এ ঘোষণা দেন। এতে আরো উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, গোলাম সারওয়ার টিপু, কায়সার হামিদ, শেখ আসলাম, জাকারিয়া পিন্টু, ইমতিয়াজ সুলতান জনি থেকে শুরু করে চলতি শতাব্দির শুরুর দিকের ফুটবল তারকা আলফাজ আহমেদ ও আরমান মিয়ারা।

এ সংবাদ সম্মেলনে বক্তারা শেষ ১০ বছরে বাংলাদেশ ফুটবলের অবনতির চিত্র তুলে ধরেন। ব্রাদার্স ইউনিয়নের সাবেক তারকা মিডফিল্ডার হাসানুজ্জামান বাবলু বঙ্গবন্ধু গোল্ডকাপে আমন্ত্রিত দলগুলোর মানের অবনমন, জাতীয় ফুটবল দলের নিম্নমুখী ফিফা র্যাঙ্কিং, তৃণমূল ও সিনিয়র পর্যায়ে লিগ ফুটবল আয়োজনে অবহেলা, বর্তমান সভাপতি কাজি সালাহউদ্দীনের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ব্যর্থতার মতো বিষয়গুলো তুলে ধরেন।

বাদল রায়ও এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেন। যদিও শেষ ১২ বছরে তিনি নিজেও ছিলেন কাজি সালাহউদ্দিনের সঙ্গে একই কমিটির সহসভাপতি পদে। ব্যর্থতার দায়ের একাংশ নিজের ঘাড়েও নেন তিনি। তবে সভাপতি পদে নির্বাচনে ঘোষণা দেওয়া এ প্রার্থী জানান, তৃণমূল পর্যায়ের উন্নয়নের ইচ্ছা থাকা সত্বেও কাজের সুযোগ পাননি তিনি। কাজ করার তীব্র ইচ্ছা ও সালাহউদ্দীন পরিষদের বিরোধীতার জন্যেই আসছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় এসেছেন বলে জানান বাদল রায়।

এদিকে তরফদার রুহুল আমিনের আচমকা নির্বাচন থেকে সরে দাঁড়ানোকে সন্দেহের চোখে দেখে উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা বাদল রায়কে নিজের সিদ্ধান্তে অটল থাকার আহবান জানান। প্রত্যুত্তরে তিনি বাফুফে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় কোনো পক্ষ যদি না আসে তাহলে মাঠে থাকার পুরোনো ঘোষণাটিই আবার দেন। তবে শেষমেশ বাদলও যদি সরে দাঁড়ান সেক্ষেত্রে শেখ আসলাম সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।