স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ চলছে সিলেটে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তাই বেশ সুনসান। গতকাল ভরদুপুরে রুমে ঢুকতেই দেখা গেল, দাদা ফোন করেছিলাম বলতে বলতে মুঠোফোন হাতে রুম থেকে বের হয়ে গেলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
ফোনের ও প্রান্তের দাদা আসলে গোটা ভারতেরই দাদা—বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। কলকাতার মহারাজের সঙ্গে আলাপের পর আরো মিনিট দশেক মুঠোফোনে ব্যস্ত থাকলেন বিসিবির প্রধান নির্বাহী। বিসিসিআইয়ের আরেক কর্মকর্তার সঙ্গে জরুরি আলাপ সারলেন। দেশে আন্তর্জাতিক সিরিজ চললেও বিসিবির এ বড়ো কর্তার ব্যস্ততার পুরোটা এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে এশিয়ান অল স্টারস-রেস্ট অব দ্য ওয়ার্ল্ড ম্যাচের আয়োজনের বড়ো কর্মযজ্ঞ।
মুজিববর্ষে দেশের সবচেয়ে আয়োজন এটি। দুই ম্যাচের সিরিজের নামকরণ করা হয়েছে ‘মুজিব ১০০ টি-২০ কাপ’।
প্রাথমিক সূচি অনুযায়ী আগামী ২১ ও ২২ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে ম্যাচ দুটি। দুই দলের স্কোয়াড আংশিক গণমাধ্যমে এসেছে। চূড়ান্ত দলটা ঘোষণা করবে আয়োজক বিসিবিই। ১৫ মার্চের পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হতে পারে। গতকাল বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘দ্রুতই ঘোষণা করা হবে। আশা করছি ১৫-১৬ মার্চ দল ঘোষণা হয়ে যাবে।’ এরই মধ্যে এশিয়ান অল স্টারসে ভারতের শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, মোহাম্মদ শামিদের খেলার কথা রয়েছে। নিউজিল্যান্ড থেকে ফিরে রাজি হলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও আসতে পারেন ঢাকায় মুজিববর্ষের ম্যাচ খেলতে। কোহলির বিষয়টি নিশ্চিত করবেন খোদ সৌরভ গাঙ্গুলি এবং সেটি নিশ্চিত হতে আরো সময় লাগবে। তবে কোহলি নাকি এখন বিশ্রাম চেয়েছেন।
ঢাকায় দুই ম্যাচ খেলেই তারকা ক্রিকেটাররা ঢুকবেন আইপিএলে। ২৯ মার্চ শুরু হবে আইপিএল।
চূড়ান্ত দল ঘোষণায় কিছুটা সময় নিতে চায় বিসিবি। কারণ ঢাকায় আসতে সম্মত হলেও শেষ মুহূর্তে মত বদলাতে পারেন অনেক ক্রিকেটার। সবরকম পরিস্থিতির প্রস্তুতি হিসেবে বিসিবি তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে দেখবে। তার পরই দল ঘোষণা করবে।
এছাড়া পিএসএলের ফাইনাল রয়েছে ২২ মার্চ। ১৫ মার্চ শেষ হবে টুর্নামেন্টের লিগ পর্ব। সেরা চারে উঠতে ব্যর্থ হওয়া দলগুলো থেকেও ২-১ জন ক্রিকেটার পাওয়ার আশায় আছে বিসিবি।
