আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া যাচ্ছেন সাদমান

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২২:০০

স্পোর্টস রিপোর্টার

কব্জির ইনজুরির কারণে পাকিস্তান সফরের প্রথম টেস্ট খেলতে পারেননি সাদমান ইসলাম অনিক। বিসিএল, জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্টও মিস করেছেন একই কারণে। এপ্রিলে পাকিস্তান সফরের দ্বিতীয় টেস্টে তাকে পাবে না বাংলাদেশ। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও এই বাঁহাতি ওপেনারের খেলা অনিশ্চিত। তারপরও সুযোগ রাখতেই কি না গতকাল দলবদল করেছেন সাদমান। লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন এই তরুণ। দলবদলের পর সাদমান জানিয়েছেন, আগামী ৯ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্নে উড়াল দিচ্ছেন। বিখ্যাত হ্যান্ড সার্জন গ্রেগ হয়কে দেখাবেন। সার্জারি লাগবে কি না, মাঠে ফিরতে কতদিন সময় লাগবে তা চিকিত্সককে দেখানোর পরই জানা যাবে। আপাতত ধারণা করা হচ্ছে আরো পাঁচ-সাত সপ্তাহ মাঠের  বাইরে থাকতে হবে সাদমানকে। 

সার্জারির জন্য অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে গতকাল এই ওপেনার বলেন, ‘৯ তারিখ অস্ট্রেলিয়া যাব। ওখানে গেলে বোঝা যাবে অস্ত্রোপচার লাগবে কি না। ওখানে গেলে বোঝা যাবে আমার কতদিন লাগতে পারে।’

মেলবোর্নের এই যাত্রায় সাদমানের সঙ্গী হচ্ছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। কাঁধের ইনজুরি নিয়ে যুব বিশ্বকাপ থেকে ফিরেছিলেন মৃত্যুঞ্জয়।

সাদমান অবশ্য প্রিমিয়ার লিগে খেলার আশা ছাড়ছেন না। সুপার লিগ খেলার চিন্তাই করছেন তিনি। গতকাল বলছিলেন, ‘শুনেছি দেড় থেকে দুই মাস লাগবে। আশাকরি সুপার লিগ থেকে খেলতে পারব।’