কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
ইত্তেফাক রিপোর্ট
যাত্রাবাড়ীর মাতুয়াইলে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় হামিম ভুঁইয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম ভুঁইয়া ডেমরার নতুনপাড়া এলাকার ২৮৩ নম্বর বাড়িতে থাকেন। তার বাবার নাম আব্দুল ওহাব ভুঁইয়া। তিনি উত্তরাস্থ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
নিহতের ফুফাতো ভাই সানি জানান, সকালে হামিম বাসা থেকে মোটরসাইকেল নিয়ে উত্তরায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রাবাড়ী মৃধাবাড়ি রাজমহল হোটেলের সামনে পৌঁছলে একটি ডাম্পার (মাটি টানার ছোটো ট্রাক) তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে রাজধানীর কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় রত্না আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত রত্নার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাজিতপুর গ্রামে। তিনি দুই ছেলের সঙ্গে কাওরানবাজার মাছের আড়ত এলাকায় থাকতেন এবং আড়তে কাজ করতেন। নিহতের ছেলে রবিন জানান, তারা দুই ভাই মাছের আড়তে কাজ করেন। তাদের মা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে তিনিও মাছের আড়তে কাজ করতেন। তাদের বাবা লিটন মিয়া মারা গেছেন।
পথচারী রনি জানান, সকাল ৮টার দিকে মাছের আড়তের সামনের সিগন্যালের পাশে আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলেন ঐ নারী। এসময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস নামে একটি ট্রেনে ঝুলিয়ে রাখা বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
