ইত্তেফাক ডেস্ক
উত্সবমুখর পরিবেশে নানা আয়োজনে মঙ্গলবার সারাদেশে খ্রিস্টানদের সবচেয়ে বড় উত্সব বড়দিন উদযাপিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রাঙ্গামাটি: বিশেষ প্রার্থনা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে খ্রিস্টান সম্প্রদায়ের পাংখোয়ারা উদযাপন করেছে বড়দিন। দিনটি উদযাপন উপলক্ষে সকালে বিলাইছড়ি পাংখোয়া পাড়া বড়দিন উদযাপন কমিটি এলাকার মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিলাইছড়ি জোন এর সিনিয়র ক্যাপ্টেন মো. বিল্লাল। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জ্যোর্তিময় চাকমা ক্যারল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রফিকুল মওলাসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সিলেট: সিলেট নগরীর নয়াসড়ক প্রেস বিটারিয়ান চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট-১ আসনের মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন এবং জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বড়দিন উপলক্ষে তারা সেখানে মিলিত হন এবং একত্রে কেক কাটেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি আসাদ উদ্দিন আহমদসহ চার্চের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর: রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘে খ্রিস্টান পরিবারের সদস্যরা বড়দিনের উত্সবে মেতে উঠে। বিশেষ প্রার্থনা, কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়। প্রার্থনা পরিচালনা করেন রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের ফাদার রেভারেন্ড বার্নাবাস হেমরোম। দুপুর সাড়ে ১২টায় রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব ও রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আব্দুল্ল্যাহ আল ফারুক রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘ পরিদর্শন করেন এবং সংক্ষিত আলোচনায় অংশ নেন। পরে কেক কেটে এবং প্রসাদ বিতরণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।
রাজশাহী: বড়দিন উপলক্ষে নগরীর অভিজাত হোটেলগুলোতে বিশেষ আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় সিটি চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয়। বড়দিন উপলক্ষে রাজশাহীর খ্রিষ্টান সম্প্রদায় বেথলহেমের সেই আবহ সৃষ্টি করতে তাদের বাড়িতে তৈরি করেছেন প্রতীকী গোশালা।
রাজশাহী মহানগরীর বাগানপাড়া চার্চের ফাদার পল গোমেজ বলেন, একই সময়ে প্রার্থনার আয়োজন করা হয় দ্বিতীয় বড় উপাসনালয় বাগানপাড়া চার্চেও। বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাত ৯টায় কীর্তন গান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এ চার্চে। এ ছাড়া সিটি চার্চ ও ডিঙ্গাডোবা চার্চসহ নগরীর অন্যান্য উপাসনালয়ে রাতে যিশু খ্রিষ্টের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়। রাজশাহীর মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, দিনটি নির্বিঘ্নে উদযাপনে চার্চগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
পাবনা: পাবনায় ২২টি গির্জায় বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাড়িতে বাড়িতে ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরি, পিঠা তৈরিসহ নানা আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের বড়দিন উদযাপনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গির্জায় প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হয়।
মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে নানা আয়োজনে বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ বিভিন্ন অনুষ্ঠানসহ কুমুদিনী কমপ্লেক্স নানা সাজে সজ্জিত করে। দিবসটি উপলক্ষে সোমবার দিবাগত রাতে কুমুদিনী কমপ্লেক্সের আনন্দ নিকেতন মীর্জা অডিটোরিয়ামে আলোচনা সভা, নাটক, কীর্ত্তন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাদার মি. ফ্র্যান্ক সিএসসি। অনুষ্ঠানে আরও ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার শিক্ষা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত প্রিন্সিপাল মিস প্রতিভা মুত্সুদ্দি, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রিনা ক্রুস প্রমুখ। পরে নার্সিং স্কুল এন্ড কলেজের ছাত্রী ও শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ঝিনাইগাতী (শেরপুর): উপজেলার সর্বত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পল্লীগুলোতে ছিল উত্সবের আমেজ। ঘরে ঘরে দিনব্যাপী চলে পিঠা, পায়েশসহ বিশেষ খাবারের আয়োজন। সকালে উপজেলার মরিয়মনগর সাধু জর্জের পল্লীতে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড়দিনের উদ্বোধন করা হয়। এর আগে সাধু জর্জ ক্যাথলিক চার্চের গির্জায় বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনা পরিচালনা করেন ফাদার সুবল কুজুর সিএসসি।
আগৈলঝাড়া (বরিশাল): আগৈলঝাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উত্সাহ উদ্দীপনা ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি নিরাপত্তার মধ্য দিয়ে বড় দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ৪১টি গির্জায় ৪শ ৫৯টি খ্রিস্ট পরিবারের সদস্যরা সোমবার রাতে যিশু খ্রিস্টের পৃথিবীতে পুনঃআগমনী বার্তায় বিশেষ প্রার্থনা করেন। গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক গান, কীর্ত্তন। এরপর একে অপরের সাথে কুশল বিনিময়, বিশেষ খাবার (সোমরস) দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
