পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করুন

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২২:৩২

জাতির পিতার রেখে যাওয়া কাজ শেষ করতে তরুণ প্রজন্মকে আমাদের স্বপ্ন দেখাতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, দেশের পিছিয়ে পড়া মানুষকে আমাদের সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। যেসব মানুষ দেশের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত না, তাদের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করাতে তরুণ প্রজন্ম কাজ করবে। আমাদের সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে সারা বিশ্বের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে থাকব। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানান।

গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

অনুষ্ঠানে গভর্নর বলেন, খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে জোরালো ব্যবস্থা নিতে হবে। নতুন করে দেওয়া ঋণ যাতে কোনো খেলাপি না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ ৯৪ হাজার কোটি টাকা। যা মোট বিতরণের ৯ দশমিক ৩২ শতাংশ। একটি দেশের অর্থনীতির জন্য এটি অস্বাভাবিক কিছু নয়।

বিভিন্ন গবেষণা সংস্থার প্রতি অভিযোগ এনে গভর্নর বলেন, দেশি ও বিদেশি কিছু গবেষণা সংস্থা দেশের মোট ক্ষতিগ্রস্ত ঋণের পরিমাণ বাড়িয়ে দেখানোর চেষ্টা করছে। এর মধ্যে অন্তর্ভুক্ত করছে অবলোপন এবং রিসিডিউলের টাকা। প্রকৃতপক্ষে দেশের খেলাপি ঋণের পরিমাণ অনেক কম।