আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি বিএনপিকে একটি ‘মাজা ভাঙা দল’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, বিএনপির ভুল রাজনীতির কারণেই তাদের নেতাদের প্রতি কর্মীদের আস্থা নেই। বিএনপির রাজনীতি হল জীবনের খাতায় ভুল সবই ভুল। ব্যর্থতার কারণে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত। তিনি মুজিববর্ষের কর্মসূচিতে অংশগ্রহণ করে অতীতের পাপ মোচন করার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান।
গতকাল বুধবার বিকালে বগুড়া শহরের শহিদ খোকন পার্কে বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনের প্রয়াত এমপি আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আয়েন উদ্দিন এমপি, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, প্রয়াত আব্দুল মান্নান এমপির পত্নি ও সারিয়াকান্দি সোনাতলা আসনের উপনির্বাচনে প্রার্থী সাহাদারা মান্নান প্রমুখ।
