পাষণ্ড ছেলে লাভলু (২৫) কারাগার থেকে জামিন নিয়ে বাড়িতে এসে রাতেই পিতা কবিরাজ নুরুল হককে হত্যা করেছে। খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘাতক লাভলুর স্ত্রী রোকেয়াকে পুলিশ আটক করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে মির্জাপুর উপজেলার ৮ নম্বর ভাদগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এ ঘটনা ঘটে। সম্প্রতি মাদকাসক্ত ছেলে লাভলুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য পুলিশের হাতে তুলে দিয়েছিলেন বাবা।
গতকাল বুধবার পুলিশ জানায়, নেশার টাকার জন্য বাবা-মাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করছে। সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হয়ে লাভলু কারাগারে যায়। লাভলুর স্ত্রী রোকেয়া মঙ্গলবার জেল থেকে তাকে জামিনে নিয়ে আসেন। পরে লাভলু বাড়িতে গিয়ে বাবার কাছে জামিনের জন্য খরচ হওয়া ২০ হাজার টাকা দাবি করে। বাবা নুরুল হক টাকা দিতে অপারগতা জানালে তাকে হত্যার পর পালিয়ে যায়। মির্জাপুর থানার ডিউটি অফিসার মোরাদ হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা অনিল জানান, মাদকাসক্ত লাভলুকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য তার বাবা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। এ নিয়ে লাভলু তার পিতা নুরুল হকের প্রতি ক্ষুব্ধ ছিল। ঘাতক লাভলুকে গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, রোকেয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাভলুকে গ্রেফতারের চেষ্টা চলছে।
