ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে আদেশপ্রাপ্তির তিন দিনের মধ্যে পাসপোর্ট দিতে সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে নুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।
গত বছরের আগস্ট মাসে নতুন পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট দায়ের করেন নুর। এতে বলা হয়, জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে ফরম জমা দেন তিনি; কিন্তু তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। পরবর্তী সময়ে পাসপোর্ট অধিদপ্তর জানায়, মামলা থাকায় পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। এ নিয়ে রুল জারি করে আদালত। ঐ রুলের ওপর গতকাল রায় দেওয়া হয়।
