ধর্ষণচেষ্টার অভিযোগ

ওসি মাজহারসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০০:২৫

রাজধানীর দুই থানার অফিসার ইনচার্জসহ কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগে পৃথক আদালতে মামলা হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনসহ ১০ পুলিশের বিরুদ্ধে আনা শ্ল­ীলতাহানির অভিযোগ তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ধর্ষণচেষ্টার অভিযোগ আনা ভুক্তভোগী নারী বাদী হয়ে গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩০-এ নালিশি অভিযোগ দায়ের করে। সংশ্লিষ্ট বিচারক জয়শ্রী সমদ্দার তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।

মামলায় যাত্রাবাড়ী থানার এসআই ওসমান আলী, মো. সোহেল, মো. মিরাজ আলী ও মো. জিহাদকেও আসামি করা হয়েছে। আদালতে বাদীর পক্ষে মামলাটি করেন তার আইনজীবী এস এম মিজানুর রহমান।

অন্যদিকে, শ্লীলতাহানীর অভিযোগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট বিচারক সামসুন্নাহার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন ।

এ মামলায় আসামি দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেন, এসআই আবদুল কাদির, আরিফ হোসেন, এএসআই মো. আবদুর রুপ, নুরুল ইসলাম, কনস্টেবল মনিরুল ইসলাম, জয়েন উদ্দিন, মো. তৌফিক, রুনা আক্তার, ইয়াসমিন আক্তার ও সত্-মা মার্জিয়া আক্তার (পুতুল)। বাদীর পক্ষে মামলা দায়েরকারী আইনজীবী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।