রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও ইইউর অতিরিক্ত সহায়তা ঘোষণা

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০০:২৭

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরো ৫ কোটি ৯০ লাখ ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এদিকে রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত আরো ৩১ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল ইউরোপীয় কমিশন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সহায়তার ঘোষণা দেওয়ার একদিন আগে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদর দপ্তরে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ২০২০ সালের যৌথ কর্মপরিকল্পনা (জয়েন্ট রেসপন্স প্ল্যান বা জেআরপি) ঘোষণা করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং সহযোগী এনজিওগুলো। জেআরপিতে ৮৭৭ মিলিয়ন মার্কিন ডলার (৮৭ কোটি ৭০ লাখ কোটি ডলার) তহবিল গঠনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রদূত মিলার বলেন, রোহিঙ্গা, তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী এবং মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত অন্যান্য জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ৫ কোটি ৯০ লাখ ডলারের বেশি সহায়তা দেবে। এই নতুন তহবিল ঘোষণার মাধ্যমে রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের মোট মানবিক সহায়তা প্রায় ৮২ কোটি ডলারে দাঁড়াল।