বরিশাল অফিস
এবার জেএসসি ও পিইসি পরীক্ষায় বরিশালে পাসের হারে মেয়েরা এগিয়ে আছে। বরিশাল শিক্ষা বোর্ডে এবার জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ০৫। আর বিগত বছরের মতো গড় পাসের হারে এবং জিপিএ-৫ এর বেলায় এবারেও ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে আছে। এই বছরে মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৭২ ও ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ২৮। পাশাপাশি মেয়েরা ৩১০৫টি জিপিএ-৫ পেয়েছে, যার থেকে ছেলেরা ১৩০৪টি জিপিএ-৫ কম পেয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম জানান, মেয়েদের ভালো করার পিছনে বৃত্তি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি মেয়েরা বাড়িতে সময় বেশি দিয়ে থাকে। এজন্য ফলাফল ভালো হচ্ছে মেয়েদের।
এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায়ও এগিয়ে রয়েছে মেয়েরা। প্রাথমিকে বরিশাল জেলায় পাসের হার ৯৭ দশমিক ৫৮। এর মধ্যে মেয়েদের পাসের হার ৯৮ দশমিক পাঁচ ভাগ এবং ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ২৬ ভাগ। অপরদিকে ইবতেদায়ীতে পাসের হার ৯৪ দশমিক ৩১ ভাগ। এর মধ্যে মেয়েরা ৯৮ দশমিক ৪৯ ভাগ এবং ছেলেরা ৯৬ দশমিক ৮২ ভাগ।
