আলিফ লাম মিম
বাগানে ফুটে আছে গোলাপ রক্তিম
আলিফ লাম মিম
পাপড়ি মেলে ধরো রুহানি কেতাবের
আলিফ লাম মিম
মূকের অন্তর প্রস্ফুটোন্মুখ
আলিফ লাম মিম
পাষাণে গান গায় রক্ত-কিংশুক
আলিফ লাম মিম
নির্জনতাপ্রিয় না বলা কথাগুলো
আলিফ লাম মিম
হাবশি বিলালের মতো এ রাত্রি
আলিফ লাম মিম
বৃক্ষ ধ্যান করে বীজের গর্ভে
আলিফ লাম মিম
মাতৃগর্ভের তমসা আদিতম
আলিফ লাম মিম
সুফির অন্তর অতল মোরাকাবা
আলিফ লাম মিম
সিক্ত বকুলের কোমলগান্ধার
আলিফ লাম মিম
মায়ের স্তনভরা তীব্র শালদুধ
আলিফ লাম মিম
আয়না ধরে আছে অপার শূন্যতা
আলিফ লাম মিম
ভাঙলো চুরচুর আয়না শব্দটা
আলিফ লাম মিম
শিশির গড়িয়েছে ফুলের গর্ভে
আলিফ লাম মিম
এক মুহূর্তই আদি-অনন্ত
আলিফ লাম মিম
নদীর ঢেউ হয়ে সময় বহমান
আলিফ লাম মিম
হারালো দিগদিশা প্রত্ন-মিনোতার
আলিফ লাম মিম
অর্থদ্যোতনায় কাঁপছে অনুকার
আলিফ লাম মিম
সমাপতনহীন এই তো শ্বাশ্বত
আলিফ লাম মিম
নিদ্রা-জাগরণে স্বপ্নসেতুসম
আলিফ লাম মিম
শূন্যতার পুরে ভরাট বৃত্ত
আলিফ লাম মিম
শব্দময় যদি প্রতিটি পাতা ঝরা
আলিফ লিম মিম
তন্দ্রা ছুঁয়ে থাকা নদীর তটরেখা
আলিফ লাম মিম
সংকোচনকামী আলোকবিন্দু
