সাতই মার্চ

আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৯:২৫

একাত্তরের সাতই মার্চে কী হয়েছে দ্যাখ

ঢাকা জুড়ে দেশের মানুষ এক হয়েছে এক।

সূর্য ওঠে দীপ্ত তেজে বিশাল আকাশ জুড়ে

শেকল ভাঙার মন্ত্রবুলি দিলেন যেন ছুড়ে।

 

পাখির কণ্ঠে গান ছিল না ঘ্রাণ ছিল না ফুলে

নদীর স্রোতে ঢেউ ছিল না জল ছিল না কূলে।

স্বপ্নমাখা দু চোখে ঠিক আলোর ঝিলিক ফোটে

আকাশ বাতাস মিছিল করে জয় বাংলা ঠোঁটে।

 

কৃষক শ্রমিক বীর জনতা সকল শ্রেণির লোক

কী শুনেছে সাত তারিখে মুক্তিলাভের শ্লোক।

মুখের কথা স্লোগান যেন জয়ধ্বনি গান

যুদ্ধে যাবে ভয় ছিল না স্বাধীনচেতা প্রাণ।

 

জাতি ধর্ম বিভেদ ভুলে এক হয়ে এক সুরে

লাল সবুজের এই পতাকা আছে দু চোখ জুড়ে।

একাত্তরের সাত তারিখে কী দেখেছে দেশ

ঘরে ঘরে দুর্গ হলো মুক্তিসেনার বেশ।