বঙ্গবন্ধুর উক্তি নিয়ে চলচ্চিত্র ‘চল যাই’

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২০:৪৩

স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে আজ মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘চল যাই’। এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত হয়েছে।

এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হূতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে। খালিদ মাহবুব তূর্যের গল্প ও চিত্রনাট্যে চল যাই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। এন ইনিশিয়েটিভ মাল্টিমিডিয়া নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন রাসেল মাহমুদ।

এই প্রসঙ্গে মাসুমা রহমান তানি বলেন, ‘কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প চল যাই। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযদ্ধ। যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

এ চলচ্চিত্রে মিলন অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। মিলন বলেন, ‘অনেক সুন্দর একটি গল্পের ওপর ভিত্তি করে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। এখানে বেশকিছু তরুণ অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন। অনেক ভালো অভিনয় করেছেন তারা। আর চলচ্চিত্রের গল্প নিয়ে যদি বলতে চাই, তবে বলতে হবে আসাধারণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি নিয়ে এত সুন্দর ছবি হতে পারে তা না দেখলে বোঝা যাবে না।’

এর আগে গত বুধবার বারিধারার একটি রেস্টুরেন্টে এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।