ইত্তেফাক রিপোর্ট
ঢাকা-৬ আসনে ‘লাঙ্গল’ প্রতীকে মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে সকল দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা এক হয়েছে। যারা এতিমের টাকা আত্মসাত করে, দেশের টাকা বিদেশে পাচার করে, স্বাধীনতাবিরোধীদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেন তারা কোন মুখে দেশবাসীর কাছে ভোট চান! এরা ক্ষমতায় এলে দেশ ও জাতির উপকার না হলেও ওদের নেতাকর্মীরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায়। তারা ক্ষমতায় এলে সবচেয়ে খুশি হয় দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা। কারণ বিএনপি-জায়ামাত জোট আমলে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা দেশে রাজত্ব করতে পারেন।
গতকাল মঙ্গলবার ফিরোজ রশীদ তার নির্বাচনী এলাকায় ৩৯নং ওয়ার্ডের টিকাটুলী, কেএমদাস রোড, মিতালি বিদ্যাপীঠ, শহিদ নবী স্কুল, অভয়দাস রোড ও শেরেবাংলা স্কুল প্রাঙ্গণ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম মঞ্জু এসময় ফিরোজ রশীদের সঙ্গে ছিলেন।
