শ্যামাসুন্দরী খাল

১৭০ দখলদার চিহ্নিত, উচ্ছেদ অভিযান শুরু

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২২:১৭

রংপুরে শ্যামাসুন্দরী খালের ১৭০ জন দখলদারকে চিহ্নিত করে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর নগরীর ধাপ চেকপোস্ট থেকে এই অভিযান শুরু হয়। গতকাল উচ্ছেদ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, খালের হাল জরিপে ১৭০ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়। উচ্ছেদ শুরুর আগে তাদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়ে অবগত করা হয়েছে।  দখলদারদের অনেকে তাতে কর্ণপাত না করায় উচ্ছেদ শুরু হয়েছে। তিনি বলেন, এই খাল পুনরুজ্জীবন ও সচল হলে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায় গতি আসবে।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, খালের উত্স মুখ থেকে মাহিগঞ্জ পাটবাড়ি পর্যন্ত  খালের দুই পাশের প্রায় ১০ কিলোমিটার সংস্কার কাজ হাতে নেয়া হয়েছে।  এর জন্য আগে রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর সহযোগিতায় হাল জরিপ করা হয়েছে।

এখন উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। চিহ্নিত অবৈধ দখল পুনরুদ্ধারে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান ডিসি। সরকার এই ঐতিহ্যবাহী খালের সংস্কার ও পুনর্খননের জন্য জন্য ১০০ কোটি টাকা বাজেট দিয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে ১৮৯০ সালে খননকৃত শ্যামাসুন্দরী খালটিতে পানির নাব্য ফিরে পাবে।