ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর
মনোহরগঞ্জ পেল নিজস্ব ডাকঘর
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা অবশেষে কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা ডাকঘর স্থাপন ও সেখানে পদায়ন করা হলো জনবল। গত ৫ জানুয়ারি এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে দৈনিক ইত্তেফাকে ‘মনোহরগঞ্জ উপজেলা পোস্ট অফিসের নেই নিজস্ব কোড। পরীক্ষার উত্তরপত্র জমা দিতে হয় অন্য উপজেলায়’ এ শিরোনামে সংবাদ প্রকাশের পর সম্প্রতি এক পরিপত্র জারির মাধ্যমে ডাক বিভাগ মনোহরগঞ্জ উপজেলা ডাকঘর স্থাপন ও জনবল পদায়নের এ আদেশ প্রদান করে। উল্লেখিত আদেশে কুমিল্লা বিভাগের প্রশাসনাধীন মনোহরগঞ্জ ডাক বিভাগের শাখা কার্যক্রম বিলুপ্তপূর্বক নবগঠিত মনোহরগঞ্জ উপজেলা ডাকঘর ভবনে উপজেলা ডাকঘর স্থাপনের অনুমতিসহ একজন পোস্টমাস্টার, দুই জন পোস্টাল অপারেটর, একজন পোস্টম্যান, একজন প্যাকার ও একজন রানারসহ মোট ছয় পদে জনবল প্রদান করা হয়। তাছাড়া উক্ত পরিপত্রে মেইল ব্যবস্থাপনা, পোস্ট অফিসের শ্রেণিগত তালিকা সংশোধন ও সীলমোহর পরিবর্তনসহ সকল প্রকার কার্যক্রম গ্রহণেরও আদেশ দেওয়া হয়। এ বিষয়ে কুমিল্লা বিভাগীয় পোস্ট অফিসের দায়িত্বে নিয়োজিত ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) মো. মনজুরুল আলম জানান, জনসাধারণের ডাক সেবা গ্রহণের সুবিধার্থে ও সরকারি কাজের স্বার্থে কুমিল্লা বিভাগের প্রশাসনাধীন মনোহরগঞ্জ উপজেলা ডাকঘরের কার্যক্রম শিগগিরই চালু হবে। ঐ উপজেলার আমতলী, পোমগাঁও, কাশিপুর শাখা ডাকঘরগুলো চাঁদপুরের চিতোশীর পরিবর্তে মনোহরগঞ্জ উপজেলা ডাকঘরের অধীনে পরিচালিত হবে।
খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১১ মার্চ
খুলনা অফিস ‘১৯তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২০’ আগামী ১১ মার্চ থেকে শুরু হচ্ছে। খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলা চলবে বাংলা নববর্ষের প্রথম দিন পর্যন্ত। এবারের মেলায় বাংলাদেশ ভারত ও ইরানের ১৫০টির অধিক স্টলে থাকছে। বৃহস্পতিবার মেলার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মেসার্স চামেলি ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল মিয়া এসব তথ্য জানান। আগের বছরগুলোতে খুলনা সার্কিট হাউজের মাঠে এ মেলার আয়োজন করা হলেও এবার নগরীর সোনাডাঙ্গায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মেলার আসর বসবে। আগামী ১১ মার্চ খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল মেলার উদ্বোধন করবেন।
রাণীনগরে ইমাম সম্মেলন
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে বৃহস্পতিবার ইমামদের নিয়ে সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাণীনগর হাউজে আটটি ইউনিয়নের প্রায় ৭০ জন ইমামকে নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম।
পবিপ্রবির সেকশন অফিসার বরখাস্ত
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্রে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাত্কারী সেই সেকশন অফিসার কে এম শাহাদাত্ হোসেন ওরফে নান্টু মিয়াকে বরখাস্ত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক আদেশে কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার কে এম শাহাদাত্ হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত অভিযুক্ত সেকশন অফিসার শাহাদাত্ হোসেনকে চাকরি থেকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।
