সব রকমের ক্রিকেটকে ২০১২ সালে বিদায় জানানোর পর ভারতের সাবেক স্পিনার সুনিল যোশি অনেক টুপিই মাথায় পরেছেন। কখনো পরামর্শক কিংবা কখনো কোচ। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবেও উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন।
তবে, এবারই সম্ভবত নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদার পদ পেলেন তিনি। যোশিকে গেল বুধবার বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিজেদের নির্বাচক কমিটির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।
ক্রিকেট ক্যারিয়ারে ১৫ টেস্টে ৪১টি ও ৬৯ ওয়ানডেতে ৬৯ উইকেট শিকার করা যোশি এখন নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন। তিনি বলেন, ‘দেশের ক্রিকেটের এত বড়ো একটা পদে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি দেশের জন্য আমার কিছু করার সুযোগ আছে। এটা আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ। আশা করি চ্যালেঞ্জটা উতরে যেতে পারব। আমি সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করে যেতে চাই।’
মদন লাল, রুদ্র প্রতাপ সিং ও সুলক্ষণা নায়েককে নিয়ে গড়া বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির (সিএসি) দেওয়া এই নিয়োগে সুনিল যোশি ছাড়াও আছেন হরবিন্দর সিং। নির্বাচকদের এই কমিটিতে আগে থেকেই যারা আছেন তারা হলেন—দেবাং গান্ধী, সরনদীপ সিং ও যতীন পরাঞ্জপ।
সিএসি কমিটিকে ধন্যবাদ জানিয়ে ৪৯ বছর বয়সি যোশি বলেন, ‘আমি সিএসির চেয়ারম্যান মদন লাল, সদস্য আরপি সিং ও সুলক্ষণা নায়েকের প্রতি কৃতজ্ঞ। তারা আমার ওপর ভরসা রেখেছেন। আমি তাদের সেই ভরসার প্রতিদান দিতে চাই।’
প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে যোশির চেয়ে আলোচনায় এগিয়ে ছিলেন তারই সাবেক সতীর্থ ও পেসার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি যোশির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি এই কাজের জন্য সিএসি যোগ্য মানুষটিকেই বেছে নিয়েছেন। আমি যোশিকে নতুন এই ভূমিকায় কাজ করার সুযোগ পাওয়ায় অভিনন্দন জানাই।’
আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সামনে রেখে কিংস ইলেভেন পাঞ্জাব যোশিকে স্পিন বোলিং কোচের দায়িত্ব দিয়েছিল। কিন্তু, বিসিসিআইয়ের ডাকে এখন সেই চুক্তি বাতিল করতে হচ্ছে যোশিকে।
