ইলিয়াস স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২২:২৫

উইঙ্গার জনি শেখের নৈপুণ্যে পাইওনিয়ার ফুটবল লিগের শিরোপা জিতেছে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ। গতকাল বৃহস্পতিবার প্রতিযোগিতাটির ফাইনালে তারা ২-১ ব্যবধানে হারায় উত্তরবঙ্গ এফসিকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল পাইওনিয়ারের ফাইনালে শুরু থেকেই দাপট ছিল ইলিয়াস স্মৃতি সংসদের। বাম পাশ দিয়ে শুরু থেকেই আলো ছড়াচ্ছিলেন জনি। তারই নৈপুণ্যে ২১ মিনিটে এগিয়ে যায় ইলিয়াস স্মৃতি সংসদ।

দারুণ বডি ডজে দুই জনকে ছিটকে ফেলে বক্সে ঢোকা জনি পাশ বাড়ান জাফর উল­াহ শরাফতের উদ্দেশ্যে। শরাফতের দারুণ পে­সমেন্টে গোল পায় পাইওনিয়ারে দ্বিতীয়বারের মতো খেলতে আসা ইলিয়াস স্মৃতি সংসদ।

উত্তরবঙ্গ এফসি সমতা ফেরাতে আক্রমণের ধার বাড়ায়। ২২ মিনিটে আলিফ নূরের শট লক্ষ্যভ্রষ্ট না হলে তখনই সমতা ফেরাতে পারত রংপুরভিত্তিক দলটি। তবে সে আক্ষেপের মিনিট ছয়েক পরেই প্রতিপক্ষ বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় তারা। ইলিয়াস স্মৃতি সংসদ গোলরক্ষক মনির খান মোহাম্মদ আলীর ফ্রি কিক ঠিকঠাক আয়ত্তে নিতে ব্যর্থ হন। তবে ফিরতি সুযোগে গোল করে উত্তরবঙ্গকে সমতায় ফেরান তিনি।

বিরতির আগে এগিয়ে যাওয়ার সুযোগ পেলে তা কাজে লাগাতে পারেনি ফাইনালের আগ পর্যন্ত কোনো ম্যাচ না হারা উত্তরবঙ্গ। বিরতির পর ৫৪তম মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলে ফাঁকায় বল পেলেও কাজে লাগাতে পারেননি ইলিয়াস স্মৃতি সংসদের জনি।  কিন্তু ৮৪ মিনিটে রক্ষণের ভুলে বল পাওয়া জনি শেখের প্রতিপক্ষ গোলমুখে শটে মাথা ছুঁইয়ে নিজেদেরই জালে বল জড়ান উত্তরবঙ্গ ডিফেন্ডার অনিমেষ। জনির এই গোলেই শিরোপার নিষ্পত্তি হয়। জনি এক গোল করে ও আরেকটি করিয়ে ফাইনালের সেরার পুরস্কারটাও জেতেন। প্রতিক্রিয়ায় জানালেন, এখানেই থামতে চান না। মাতাতে চান একদিন প্রিমিয়ার লিগও।

প্রথমবার টুর্নামেন্টে এসেই শিরোপার কাছাকাছি চলে আসা উত্তরবঙ্গ অবশ্য সান্ত্বনা হিসেবে জিতেছে সেরা গোলরক্ষক ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেরা গোলরক্ষক হন মিলন মিয়া ও সেরা খেলোয়াড়ের পুরস্কারটি উঠেছে মোহাম্মদ আলীর হাতে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার রাতুল হাওলাদার।

এফসি উত্তরবঙ্গ ঃ মিলন মিয়া (গোলরক্ষক), লিমন চন্দ্র দাস, মোহাম্মদ আনন্দ, শাহরিয়ার রিয়াদ, মোহাম্মদ রানা, মোহাম্মদ আলী, আসিফ, সজিব আহমেদ, মিনহাজুল ইসলাম, লিওন প্রধান, আবীর আহমেদ।

ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ ঃ মনির খান (গোলরক্ষক), রাতুল, আকাশ, এনামুল শেখ, মারুফ মুন্সি, মাহিম হাওলাদার, জাফর উল­াহ শরাফত, তাহিন খান, অভি মালো, রাব্বি আহমেদ, জনি শেখ।