গতকাল মহাখালীতে ব্র্যাকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য জাতীয় সংসদের পাশে কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জাপান দূতাবাসের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য বিশ্বমানের একটা কমপ্লেক্স গড়তে সংসদ ভবনের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জায়গা বরাদ্দ দিয়েছেন। এখানে সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।’ ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান প্যারালিম্পিয়ান অ্যাসোসিয়েশনের সহসভাপতি, সাবেক প্যারালিম্পিক ক্রীড়াবিদ জাপানের আকি তাগুচি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আকি তাগুচি বলেন, ‘২৫ বছর বয়সে এক দুর্ঘটনায় আমার মেরুদণ্ডের আঘাতের কারণে স্বাভাবিকভাবে দাঁড়াতেও পারিনি। পরে বিম রাইফেল হাতে প্যারালিম্পিক গেমসে টানা তিন আসরের শূটিংয়ে খেলেছি।
